রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১৯তম বৈশাখী মেলা। প্রবাসী বাংলাদেশিদের প্রাণের এ আয়োজন দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সম্পাদক শাকিল সরকার, নিশিতা বড়ুয়া ও তানিয়া রহমানের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাত্তার শাহ আলম।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষকদের মধ্যে বক্তব্য রাখেন শাহ গ্রুপের পরিচালক ও ফ্রান্স জাতীয় ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ফাতেমা খাতুন মরিয়ম, ইমা গ্রুপ ও ইমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব, বিডি ফার্নিচারের চেয়ারম্যান মিয়া মাসুদ, বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, রুবিনা আক্তারসহ কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।
এছাড়াও অনুষ্ঠানে প্যারিস-১০ এলাকার সংসদ সদস্য, স্থানীয় মিউনিসিপ্যাল মেয়র, বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় মডেল মারিয়া মিমের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এছাড়া বাংলাদেশ থেকে আগত কণ্ঠশিল্পী এমডি শুভ, লন্ডন থেকে আগত শিল্পী তামান্না ও স্বর্ণালী এবং স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সদস্যদের পরিবেশনায় গান, নৃত্য ও বর্ণাঢ্য ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে আগত জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
মেলার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশি উদ্যোক্তাদের বিভিন্ন স্টল। দেশীয় পোশাক, প্রসাধনী সামগ্রী, হস্তশিল্প এবং বাহারি খাবারের দোকানগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শুধু বাংলাদেশিরাই নয়, স্থানীয় ফরাসি নাগরিকরাও আগ্রহভরে স্টলগুলো পরিদর্শন করেন এবং দেশীয় পণ্য ও খাবারের স্বাদ গ্রহণ করেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল প্রবাসী নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ। তাদের পরিচালিত স্টলগুলোতে ছিল দেশীয় ঐতিহ্য ও সৃজনশীলতার ছোঁয়া। উদ্যোক্তারা জানান, এ ধরনের আয়োজন তাদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মেলায় অংশগ্রহণকারী দর্শনার্থী, উদ্যোক্তা ও কমিউনিটির বিশিষ্টজনরা জানান, বৈশাখী মেলা শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি প্রবাসে বাংলাদেশিদের ঐক্য, সম্প্রীতি এবং শিকড়ের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাদের মতে, এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশ আরও সমৃদ্ধ হবে।
দিনব্যাপী আনন্দ-উৎসব ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠীর ১৯তম বৈশাখী মেলা, যা প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে বাংলা নববর্ষের আবহকে নতুন করে জাগিয়ে তোলে।