প্রবাস মেলা ডেস্ক: অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ ‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’ নামে একটি টিম গঠন করেছে। ১ এপ্রিল ২০২৩, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ টিম গঠনের ঘোষণা দেয়া হয়।
লিগ্যাল উইংসের সদস্যরা হলেন- এডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যরিস্টার রাবেয়া জাহান ফিরোজ এবং এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। লিগ্যাল উইংসের সমন্বয়কারী হিসেবে থাকবেন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর।
এখন থেকে এ লিগ্যাল উইংস অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের ১ হাজার ২০০ সদস্যের সবার আইনি নিরাপত্তা, সহায়তা, পরামর্শ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইবার বুলিং, অপপ্রচারের প্রতিকারে কাজ করে যাবে।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রওনক হাসান। লিগ্যাল উইংস ঘোষণা করেন সভাপতি আহসান হাবীব নাসিম, সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম।
এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অভিনয় শিল্পী ডলি জহুর, অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জোতিকা জ্যোতি, সাদিয়া জাহান প্রভা, পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম ও এডিসি খন্দকার লেনিন।