প্রবাস মেলা ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশোকে বড়পর্দায় দেখার অপেক্ষা ছিল দর্শকদের। সেই অপেক্ষায় অবসান হতে যাচ্ছে। অবশেষে সিনেমা করতে যাচ্ছেন ছোট পর্দার এই সুপারস্টার। পরিচালক রায়হান রাফী পরিচালিত নতুন ছবি ‘সুড়ঙ্গ’র নায়ক হতে যাচ্ছেন তিনি। সবকিছুই চূড়ান্ত হয়েছে, অপেক্ষা শুধু ঘোষণার।
চরকি এবং আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে নিশো অভিনীত প্রথম এই সিনেমা। জানা যায়, ৩ ডিসেম্বর ২০২২ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’-এর ঘোষণা দেয়ার কথা ছিল। কিন্তু সঙ্গত কারণে পিছিয়েছে, ঘোষণটি আসবে ১২ ডিসেম্বরে।
জানা গেছে, আফরান নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’ ছবিতে নায়িকা থাকার কথা আছে তমা মির্জার। শুধুমাত্র সিনেমাটির জন্য গত কয়েকমাস ধরে প্রস্তুত হচ্ছেন নিশো। এই কারণে তিনি নাটকে কাজ কমিয়ে দিয়েছেন। টুকটাক ওটিটির জন্য কাজ করছেন।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই নিশোর প্রথম এই সিনেমার শুটিং শুরু হবে। ‘সুড়ঙ্গ’ ২০২৩ সালের দুই ঈদের যেকোন একটিতে সিনেমা হলে মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। মুক্তির কয়েক মাস পর ছবিটি ওটিটি প্লাটফর্মে অবমুক্ত করা হবে।
আলফা আই মিডিয়ার কর্ণধার প্রযোজক শাহরিয়ার শাকিল জানায়, ১২ ডিসেম্বর ঘোষণা আসবে। তার আগে কোনো তথ্য প্রকাশ করতে চাই না। ওইদিন প্রেস কনফারেন্সে আমরা বিস্তারিত তুলে ধরবো।