মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড এক্সপো ২০২৫-এ বাংলাদেশ থেকে ১২টি কোম্পানি অংশগ্রহণ করছে। জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান জনাব এমাদ মোহাম্মদ আল আবৌদ মেলাটির উদ্বোধন করেন। মেলাটি ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।
সৌদি আরব, চীন, জর্ডানসহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে নীটওয়্যার, পাট ও ডাইভার্সিফায়েড পাটজাত পণ্য, স্পোর্টসওয়্যার, হস্তশিল্প প্রভৃতি রপ্তানিযোগ্য সম্ভাবনাময় পণ্য নিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ সাখাওয়াৎ হোসেন, কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, সৌদি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। চীনের লিয়াওনিং প্রদেশের গভর্নর জনাব ওয়াং জিয়ানও এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এমাদ মোহাম্মদ আল আবৌদ বলেন, “এই মেলা সৌদি আরব ও বাংলাদেশসহ বিশ্বব্যাপী ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। আমরা আশা করি, বাংলাদেশের অংশগ্রহণকারীরা তাদের পণ্য ও সেবা প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশের আরও সুযোগ পাবেন।”
কনসাল জেনারেল বলেন, ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি আরবে বাংলাদেশি কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক সম্ভাবনা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে নেটওয়ার্কিং ও সহযোগিতার সুযোগ পাবে। বাংলাদেশি পণ্যের মান ও ব্যবসায়িক কৌশল বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
মেলায় বাংলাদেশের অংশগ্রহণ জাতীয় অর্থনীতির জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।