রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: শিশু আফরিনের মৃত্যুর শোক না কাটতেই বাবা ফখরুল ইসলামের মৃত্যু। ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮ টা ২০ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু খবরে শাহরাস্তি উপজেলা পৌর ১১ নং ওয়ার্ডের ভাটুনিখোলা মুন্সিবাড়িতে চলছে শোকের মাতম।
সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলার শাহরাস্তির ফখরুল ইসলাম গত ১৫ নভেম্বর রিয়াদ থেকে মদিনায় যাওয়ার পথে আল কাসিম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের এগার জন আহত হন। দুর্ঘটনাস্থলে ফখরুল ইসলামের শিশু কন্যা ফৌজিয়া আফরিন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তার বাবা ফখরুল ইসলাম দীর্ঘ ২৮ দিন সৌদির আল রাস জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তাদের নিকট আত্মীয় সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম হৃদয় জানান, নিহত শিশু আফরিনের দাফন সম্পন্ন করে ফখরুলের স্ত্রী আড়াই বছরের শিশু কন্যা মুনিয়াকে নিয়ে মক্কায় ওমরাহ পালনে রয়েছেন।
সৌদি আরবে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, শিশু আফরিন ও ফখরুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ফখরুল ইসলাম ও তার শিশু কন্যা আফরিনের মৃত্যুতে সৌদি আরব প্রবাসী চাঁদপুর শাহরাস্তি ফোরামের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।