প্রবাস মেলা ডেস্ক: জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার এই অর্থ সম্পূর্ণ অনুদান হিসেবে দেয়া হবে, কোনো ঋণ নয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নেতৃত্বে বাংলাদেশ গ্লোবাল শিল্ডের কাছে অর্থায়নের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছিল। এর লক্ষ্য জলবায়ু ও দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলায় দেশের আর্থিক প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা ব্যবস্থা জোরদার করা।
ড. সাইমুম পারভেজ বলেন, এ অর্জন সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে উল্লেখ করে তার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জি-৭ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল শিল্ড এগেইনস্ট ক্লাইমেট রিস্কস কর্মসূচিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দুর্যোগের আগেই প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
এই অর্থায়নের আওতায় বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন এবং বিমাব্যবস্থা শক্তিশালী করা হবে। বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন, জাতীয় নীতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন, তথ্যব্যবস্থা ও মডেলিংয়ের আধুনিকায়নে গুরুত্ব দেয়া হবে।
এ ছাড়া কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিমা এবং অন্যান্য আর্থিক সুরক্ষা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে। দুর্যোগের পূর্বাভাস কিংবা নির্ধারিত ঝুঁকির ভিত্তিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা জনগোষ্ঠীর কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেয়ার ব্যবস্থাও গড়ে তোলা হবে।
কর্মসূচিটি দেশের বিদ্যমান জাতীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের নিজস্ব সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হবে। এর ফলে উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জীবিকা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রাথমিক পর্যায়ের ৩০ মিলিয়ন ইউরোর কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা গেলে পরবর্তী সময়ে অতিরিক্ত ২০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার অর্থায়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সাইমুম পারভেজ বলেন, ‘এটি সম্পূর্ণ অনুদান, ঋণ নয়।’ সংবাদ সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ অনুবিভাগের প্রধান এ কে এম সোহেল, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু এবং সিভিএফ-ভি২০ সচিবালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ভি২০ অর্থবিষয়ক উপদেষ্টা সারা জেন আহমেদসহ জলবায়ু বিশেষজ্ঞ, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।