প্রবাস মেলা ডেস্ক: ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কেবল এ ধরনের সরকারই ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তবে নেতানিয়াহুর এই আহ্বানকে ছলনা বলে প্রত্যাখ্যান করেছেন সরকারে গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা।
শনিবার (১৪ নভেম্বর) এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে বৈঠকটি ‘জাতীয় ঐক্য সরকার গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে’।
ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, এমন একটি সরকারই শুধুমাত্র ‘ইরানের হুমকি চিরতরে নির্মূল করতে পারে’। তিনি দাবি করেন, তেহরান ‘ইসরাইলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না’। তিনি বলেন, ‘আসুন, কোনো পূর্বশর্ত ছাড়াই আমরা একসাথে বসি।’
তবে নেতানিয়াহুর এই আহ্বানের কয়েক মিনিটের মধ্যেই প্রত্যাখ্যান করে একে একটি কৌশল বা ছলনা হিসেবে অভিহিত করেছেন আইজেনকোট।
ইসরাইলের সেনাবাহিনীর সাবেক প্রধান আইজেনকোট বলেন, নেতানিয়াহু ‘ভালোভাবেই জানেন যে তিনি নির্বাচনে হেরে গেছেন’।
তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু এমন সময় আলোচনার ডাক দিচ্ছেন, যখন আলোচনা ইতিমধ্যেই চলছে। এসব কৌশল আমার ওপর কাজ করবে না।’
কার হাতে কত আসন
গত ২৭ অক্টোবরের নির্বাচনে সরকার গঠনের জন্য কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনবিশিষ্ট নেসেটে (ইসরাইলি পার্লামেন্ট) নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় জোট ৫৩টি আসন পেয়েছে। আইজেনকোটের চার দলীয় জোট পেয়েছে ৪৮টি আসন এবং আরব-নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।
গত সপ্তাহে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। আরব-নেতৃত্বাধীন দলগুলোর সদস্যসহ মোট ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটকে সমর্থন জানান, অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন দেন ৪৬ জন।
সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পেয়েছেন আইজেনকোট, তবে প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। যদিও তিনি এরইমধ্যে তার সরকারে আরব-নেতৃত্বাধীন দলগুলোকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
আইজেনকোটের প্রস্তাবিত সংখ্যালঘু ‘জাতীয় জরুরি সরকার’ গঠনের পরিকল্পনা অনুযায়ী, তার জোটের ৪৮ জন আইনপ্রণেতা সরকার গঠনের পক্ষে ভোট দেবেন। অন্যদিকে নেতানিয়াহুর সমর্থক ৪৬ জন আইনপ্রণেতা এর বিপক্ষে ভোট দেবেন। আরব ও অতি-রক্ষণশীল দলগুলোর ২৬ জন আইনপ্রণেতা ভোটদানে বিরত থাকতে পারেন। এতে পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই আইজেনকোটের সরকার গঠনের প্রস্তাব অনুমোদন পাওয়া সম্ভব হবে।
তবে নেতানিয়াহুর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরনের সরকার গঠিত হলে ইসরাইলের ‘ধস’ নেমে আসবে।
যেসব বিষয়ে মতবিরোধ
নেতানিয়াহুর প্রস্তাবিত সরকারে মধ্যপন্থি ও ডানপন্থি ইহুদি দলগুলোকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। তবে আরব দলগুলোকে বাদ রাখার পক্ষে তিনি। নেতানিয়াহু ও তার মিত্ররা কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেছেন, আরব নেতৃত্বাধীন দলগুলো নির্বাচনে ‘কারচুপি করে’ জয় ছিনিয়ে নিয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) এসব দলের বিরুদ্ধে নেতানিয়াহুর প্রচারকে ‘বর্ণবাদী’ বলে আখ্যা দেন আইজেনকোট।
তিনি জানিয়েছেন, ঐক্যের বিষয়ে আন্তরিক অঙ্গীকার থাকলে তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যদের পাশাপাশি বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিজম পার্টির সঙ্গেও কাজ করতে পারেন। তবে শর্ত, কট্টরপন্থিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। বিশেষ করে উগ্র ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভিরের সমর্থকদের থেকে দূরে থাকতে হবে।
সূত্র: আল জাজিরা