জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’—এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরবের রিয়াদে বর্ণাঢ্য আয়োজনে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একযুগ পূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার রাতে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে মঞ্চস্থ হয় নাটক ‘মলুয়া সুন্দরী’। তুহিন অবন্তের রচনায় নাটকটির নির্দেশনা দেন এজহারুল হক মিজান।
অনুষ্ঠানে দেশে ও প্রবাসে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের একযুগ পূর্তি সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পেয়েছে ফেনী প্রবাসী ফোরাম। এ ছাড়া সম্মাননা গ্রহণ করেন নাট্যনির্দেশক এজহারুল হক মিজান এবং মঞ্চ অভিনেতা ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফ রহমান টিটু।
দীর্ঘ ১২ বছরের পথচলা পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করেছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। সৌদি আরবের মরুপ্রান্তরে প্রবাসীদের মাঝে বাংলাদেশের সংস্কৃতি ও নাট্যচর্চা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে ২০টিরও বেশি নাটক প্রযোজনা করেছে তারা।
একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কাটা, নাটক মঞ্চায়ন, সাংস্কৃতিক পরিবেশনা, জাতীয় সংগীত ও সংগঠনের নিজস্ব থিম সং পরিবেশনের পাশাপাশি একযুগ পূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
মধ্যরাত পর্যন্ত প্রবাসী দর্শকরা নাটক ‘মলুয়া সুন্দরী’ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। দর্শকদের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি কবি মসিই সিরাজ, সাধারণ সম্পাদক ও গণমাধ্যম-সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সিনিয়র সহসভাপতি হাফিজুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান টিটু ও মির্জা কামাল।
‘মলুয়া সুন্দরী’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রিহাম হাসনাত নুহা, কামরুজ্জামান, নুসরাত জাহান রীতা, পলাশ, টিটু, হৃদয়, ভুবন আকন্দ, আব্দুল আহাদ, রবি ও তুষারসহ অনেকে। সংগীত পরিচালনায় ছিলেন জামশেদ রানা। হারমোনিয়াম ও বাঁশিতে সংগীত পরিবেশন করেন রবি সদাগর।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন প্রতিষ্ঠান সানসিটি পলিক্লিনিক, আমিয়াল কোম্পানি, এশিয়ান হসপিটাল, মেডিনোভা মেডিক্যাল, লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্স, মাইল কোম্পানি, বিন মিশাল গ্লোবাল কোম্পানি ও জারিয়া কোম্পানি।
দেশে ও প্রবাসে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একযুগ পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করা হয় সামাজিক সংগঠন সৌদি আরব প্রবাসী ফেনী ফোরাম এবং নাট্যনির্দেশক এজহারুল হক মিজানকে। এ ছাড়া মঞ্চ অভিনেতা ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফ রহমান টিটুকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।