প্রবাস মেলা ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের কর্মকর্তাদের দাবি, যুদ্ধের কারণে বরং বিপর্যস্ত হয়ে পড়েছে মার্কিন সরকার। অন্যদিকে, যুদ্ধের অবসান চাইলেও আলোচনার নামে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছে ইরান।
সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। নতুন করে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছে না মার্কিন প্রশাসন।
ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো শান্তিপূর্ণ পরিবেশ চায়। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান চান তিনি। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।
এদিকে ট্রাম্পের বক্তব্যকে ভুয়া খবর বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের কর্মকর্তারা। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতিমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে, যুদ্ধের বর্তমান পরিস্থিতির অবসান চান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান আলোচনায় বসতে আগ্রহী। তবে কোনো চাপের কাছে মাথা নত করবে না ইরান।