প্রবাস মেলা ডেস্ক: পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২৪ মিনিটে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’
মূলত, ছাত্র-জনতার গনঅভ্যুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা বাংলাদেশের দিল্লি দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি দিয়েছেন।
তারা লিখেছেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ অবস্থায় আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
চিঠিতে আরও বলা হয়, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে তার আবেদনগুলো যেনো দ্রুত নিষ্পত্তি করা হয়।
এদিকে, শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান। তার দলের সহযোগীরাও জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা কীভাবে দেখছেন এমন প্রশ্নের উত্তরে সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, ‘আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যে মানুষ গণহত্যা করেছে এবং তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছে, সে (শেখ হাসিনা) যদি দেশে আসতে চায়, তাহলে তাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমেই নিয়ে আসতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি কিন্তু একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি।’