প্রবাস মেলা ডেস্ক: দীর্ঘ অসুস্থতা ও কঠিন চিকিৎসা প্রক্রিয়া পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রায় ৯ মাস শুটিং থেকে দূরে থাকার পর সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। তার এই প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে ভক্ত ও সহকর্মীদের মধ্যে।
সম্প্রতি নির্মাতা ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নেন তানিয়া বৃষ্টি। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেন এই অভিনেত্রী। নাটকটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
‘অংশীদার’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইকসান রনি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। নাটকটিতে সমাজে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প।
নাটকটিতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। চিকিৎসা পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। প্রথমে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করতে হয় তাকে। দীর্ঘ চিকিৎসার পাশাপাশি কঠোর বিশ্রাম ও কেমোথেরাপির মধ্য দিয়েও যেতে হয়েছে এই অভিনেত্রীকে।
গত ৩ অক্টোবর নিজের ফেসবুক লাইভে এসে শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন তানিয়া বৃষ্টি। এবার শুটিংয়ে ফেরার মধ্য দিয়ে অভিনয়জগতেও নতুন করে পথচলা শুরু করলেন তিনি।
নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল এবং একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘অংশীদার’ নাটকটি।