প্রবাস মেলা ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি থাকছে। আর পরের দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি থাকবে।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টন (রুলস অব বিজনেস, ১৯৯৬-এর তফসিল-১) (ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত সংশোধিত)-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষ্যে আগামী ২০ হতে ২২ অক্টোবর ছুটি থাকবে।
আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ-সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতাবহির্ভূত থাকবেন।
হাসপাতাল ও জরুরি সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির আওতাবহির্ভূত থাকবেন। একইভাবে চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরাও এ ছুটির আওতাবহির্ভূত থাকবেন।
এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহও এ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
অন্যদিকে বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।