প্রবাস মেলা ডেস্ক: রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন চিকিৎসক ও এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে দেওয়া স্ট্যাটাসে তাসনিম জারা লিখেন, আমার বলার মতো কোনো ভাষা নেই।
এই দেশে সালমান মুক্তাদিরের পৌঁছানোর ক্ষমতা বা কণ্ঠের জোর অন্য প্রায় যেকোনো কারও চেয়ে বেশি। যারা এই কাজটি করেছে, তারা ভালো করেই জানত যে সরকারের একদম শীর্ষপর্যায়সহ পুরো দেশ এটি দেখবে। তা সত্ত্বেও তারা তার স্টুডিও ভেঙে চুরমার করেছে এবং সবার দেখার জন্য সেই ধ্বংসস্তূপ ফেলে গেছে। এটি অন্য পর্যায়ের এক দুঃসাহস। মানুষ কেবল তখনই এমন আচরণ করে, যখন তারা বিশ্বাস করে যে কেউ তাদের স্পর্শও করতে পারবে না।
আর তারা যদি সালমানের সাথে এমনটা করতে পারে, তবে একটু ভেবে দেখুন সাধারণ দোকানদার আর ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কী ঘটছে, যাদের কথা কখনোই খবরে আসে না।