প্রবাস মেলা ডেস্ক: পোল্যান্ডে অবস্থানরত সব বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপের দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে দূতাবাসের পেজে দেয়া এক পোস্টে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। একইসঙ্গে এমন কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর বা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধানের পরিপন্থি হতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হতে পারে।
এই অবস্থায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বেশকিছু নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো হলো-
ওমানের ভিসা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য, বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
১) পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলুন।
২) কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করুন।
৩) অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক বক্তব্য, কনটেন্ট বা কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।
৪) অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করুন।
৫) ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকুন।
৬) পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা অনুসরণ করুন।