মো. জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র (ইডিসি) কার্যালয়ে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টায় রাজধানী রিয়াদের বাথাস্থ ইডিসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রবাসী সেবা কেন্দ্র (ইডিসি)-এর মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয় সঞ্চালনা করেন। এ সময় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. তারেক প্রবাসী বাংলাদেশিদের জন্য ইডিসির বিভিন্ন সেবা, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি জানান, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় ২০১৭ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ইডিসির মাধ্যমে সৌদি আরবে বসবাসরত প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট সেবাসহ সরকারের বিভিন্ন নাগরিক সেবা প্রদান করা হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী মার্কেটিং অফিসার শওকত উল্লাহ রিপন, জন্ম নিবন্ধন সহকারী অফিসার আব্দুল্লাহ ফুয়াদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা জানান, বর্তমানে সৌদি আরবের বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে প্রায় ২৫টি সেবা কেন্দ্রের মাধ্যমে প্রবাসীদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে ই-পাসপোর্টের অনলাইন আবেদন, জন্ম নিবন্ধন ও সংশোধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদনসহ বিভিন্ন সেবা গ্রহণ করা যাচ্ছে।
তারা আরও জানান, ই-পাসপোর্টের সরকারি নির্ধারিত ফি ছাড়া অনলাইন আবেদন প্রক্রিয়ার জন্য মাত্র ২০ সৌদি রিয়াল সার্ভিস চার্জ নেওয়া হয়। এছাড়া ফটোকপি, ফরম পূরণে সহায়তা এবং অন্যান্য সহায়ক সেবাসহ বেশিরভাগ সেবা বিনামূল্যে প্রদান করা হয়।
ইডিসি কার্যালয় সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। ফলে প্রবাসীরা তাদের সুবিধাজনক সময়ে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন।