প্রবাস মেলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিল নিয়ে প্রবাসীদের উদ্দেশে বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস বলছে, অনেক বাংলাদেশি ভাই বোন যারা ছুটিতে বা অন্য কোনও কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আছেন, হঠাৎ করে কোনও কারণ উল্লেখ ছাড়াই তাদের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এতে আমিরাতে রেসিডেন্সি আছে এমন প্রবাসীদের মাঝে অনেক উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।
সোমবার (২৭ জুলাই) এক বার্তায় দূতাবাস এসব কথা জানায়।
বার্তায় উল্লেখ করা হয়, আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে ইতোমধ্যেই কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাবার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এটি কি কোনো টেকনিক্যাল ত্রুটি, অথবা বিশেষ কোনো কারণে ঘটছে কি না সেটি জানার ও বোঝার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
আপনাদেরকে আরও আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই এই বিষয়ে অবগত ও নিয়মিত খোঁজ-খবর রাখছেন। দূতাবাস সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে আপনাদেরকে জানাবে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, আরও একটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক ও বাংলাদেশের পতাকা, দূতাবাসের ই-মেইল আইডি ব্যবহার করে বিভিন্নজন কিছু অসত্য, অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়াচ্ছেন, অনেকেই আবার তা না বুঝে শেয়ার দিচ্ছেন।
এ সব বিষয় থেকে দূরে থাকুন। সচেতন ও দায়িত্বশীল প্রবাসী হিসেবে, বাংলাদেশ ও আমিরাতের সব ধরনের আইন-কানুন মেনে চলুন ও একমাত্র অফিশিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর আস্থা রাখুন।