মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের দক্ষিণাঞ্চলে চলমান তীব্র দাবদাহ ও প্রচণ্ড গরমের মধ্যেও প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ-ফ্রান্সের বার্ষিক আনন্দ ভ্রমণ ও সমুদ্রবিহার। সম্প্রতি সংগঠনটির উদ্যোগে ফ্রান্সের মনোরম সমুদ্রসৈকত কানে (Cannes) এ দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
তুলুজের অন্যতম প্রাচীন এ সংগঠনটি এক যুগেরও বেশি সময় ধরে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি খ্রিস্টান প্রবাসীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য লালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই ধারাবাহিকতায় আয়োজিত এবারের ভ্রমণে সংগঠনের সদস্য ও তাদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমুদ্রের নীল জলরাশি, শীতল বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্যের সান্নিধ্যে দিনভর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। তীব্র গরম উপেক্ষা করে সমুদ্রস্নান, আড্ডা ও পারিবারিক মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রবাসের ব্যস্ত ও যান্ত্রিক জীবনের বাইরে এমন আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে এনে দেয় স্বস্তি ও নির্মল আনন্দ।
দিনটির অন্যতম আকর্ষণ ছিল শিশু-কিশোরদের প্রাণচাঞ্চল্যে ভরা অংশগ্রহণ। সমুদ্রসৈকতের বালুচরে ঘর তৈরি, খেলাধুলা এবং নানা আনন্দঘন আয়োজনে তারা দিনটি উপভোগ করে। পরিচিত পরিবেশ ও আপনজনদের সান্নিধ্যে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
আয়োজনের সমাপনী পর্বে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় লটারি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হলে উৎসবমুখর পরিবেশে যোগ হয় নতুন মাত্রা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি জোসেফ ডি’কস্তা, সাবেক সাধারণ সম্পাদক মার্ক রায়, সভাপতি রক্সি কস্তা, সাধারণ সম্পাদক রিকি পি. রোজারী, সহ-সভাপতি পঙ্কজ গমেজ, তুষার কস্তা, লিওনার্ড রোজারিও, আনন্দ রোজারিও, সনি কস্তাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রিকি পি. রোজারী সঞ্চালনার দায়িত্ব পালন করেন এবং অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রবাস জীবনের ব্যস্ততা ও কর্মব্যস্ততার মাঝেও এ ধরনের মিলনমেলা পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী আনন্দ, আড্ডা, গান এবং স্মৃতিময় মুহূর্তের মধ্য দিয়ে বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ-ফ্রান্সের এবারের বার্ষিক আনন্দ ভ্রমণের সফল সমাপ্তি ঘটে।