প্রবাস মেলা ডেস্ক: জুলাই আন্দোলন নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ–সম্পাদক নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নিলোফার চৌধুরী মনিকে ‘প্রিয় আপা’ সম্বোধন করে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
এর আগে, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে বক্তব্য দেন নিলোফার চৌধুরী মনি। সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিলে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান ছাত্রদল সভাপতি।
ওই পোস্টে তিনি লেখেন, প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন–সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত হবেন ও শ্রদ্ধা প্রদর্শন করবেন—সেই প্রত্যাশা করি।