প্রবাস মেলা ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-এর সাথে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতআবদুল্লাহ আলি আল হামুদি সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ৷
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে আলোচনা হয়।
রাষ্ট্রদূত, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আরব আমিরাতের বিমান ও ভ্রমণ সেবাসংক্রান্ত প্রতিষ্ঠান, ডিনেটার আগ্রহের কথা উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জানান, টার্মিনালটির অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু হওয়ার পর এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করবে।
এ সময় মন্ত্রী জানান, বিমানবন্দরে সেবার মান বৃদ্ধিতে সরকার সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সদা প্রস্তুত।
এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।