প্রবাস মেলা ডেস্ক: কানাডার ক্যালগেরিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছে। গত ১০ মে ক্যালগেরি টেগোর সোসাইটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে প্রতিষ্ঠিত ক্যালগেরি টেগোর সোসাইটি এবার চতুর্থবারের মতো রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করে। আয়োজকদের মধ্যে সোসাইটির এক কর্মকর্তার দায়িত্ব পালন করেন লেখকের ছেলে। পরিবারসহ অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকরা উপভোগ করেন আবৃত্তি, নৃত্য ও রবীন্দ্রসঙ্গীতে সাজানো মনোজ্ঞ পরিবেশনা।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি তাদের সন্তানরাও অংশ নেন। প্রায় ৬ থেকে ৭ জন শিল্পী এবং ৫ জন যন্ত্রশিল্পী অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য বিষয় ছিল, যন্ত্রশিল্পীদের মধ্যে তিনজন ছিলেন অবাঙালি কানাডিয়ান।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটি ছিল অত্যন্ত উপভোগ্য। অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল— সব কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীরা একসঙ্গে মঞ্চে অবস্থান করে পর্যায়ক্রমে একক ও সমবেত পরিবেশনা উপস্থাপন করেন। উপস্থাপনার অতিরিক্ত আনুষ্ঠানিকতা না থাকায় পুরো আয়োজন ছিল স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত।
প্রায় ২৫০ আসনের হলটি দর্শকে পরিপূর্ণ ছিল। ২০ থেকে ৫০ ডলার ব্যয় করে দর্শকদের এমন আগ্রহ নিয়ে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে অংশগ্রহণ প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ বলে মনে করেন আয়োজকরা।
বিদেশের মাটিতে থেকেও দেশের সংস্কৃতির প্রতি প্রবাসীদের এমন আন্তরিক টান উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করেছে। অনুষ্ঠানের কিছু ছবি সংরক্ষণ করা হলেও দূর থেকে তোলা হওয়ায় সেগুলোর মান খুব ভালো হয়নি বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।