প্রবাস মেলা ডেস্ক: ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)-এর উদ্যোগে নরসিংদীর ঘোড়াশালে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) ঘোড়াশাল মিয়া বাড়ী এলাকায় আয়োজিত এ ক্যাম্পে চার শতাধিক রোগী চক্ষু সেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, ২০০৭ সাল থেকে ডিসিআই ও আরএসসি সারা দেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পলাশ উপজেলার ঘোড়াশালে এ ক্যাম্পের আয়োজন করা হয়। যেসব মানুষ চোখের ছানি অপারেশন, ওষুধ কিংবা চশমা কেনার সামর্থ্য রাখেন না, তাদের চিকিৎসাসেবা প্রদানই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে ফারাজ হোসেন ফাউন্ডেশন এবং চিকিৎসা সেবা প্রদান করে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল, নরসিংদী।
চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক রোগীকে চশমা প্রদানের জন্য নির্বাচন করা হয় এবং তাদের চশমা সরবরাহ করা হয়। এছাড়া প্রায় দুইশ রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষায় ৪৩ জন ছানি রোগী শনাক্ত হন, যাদের আগামী ১০ মে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে।
ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি নিহাদ কবির।
ডিসিআই’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ডিসিআই-আরএসসি চক্ষু ক্যাম্পের উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এবং তাদের মধ্যে নতুন আশা জাগিয়ে তোলা। আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন, তাদের পাশে দাঁড়ানো আমাদের আন্তরিক অঙ্গীকার। আমরা অন্ধত্ব দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ।”