প্রবাস মেলা ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার আইনের বাইরে গিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ক্ষতিকর কাজ হতে দেবে না। জুলাই হত্যা মামলায় কারাগারে আটক সাংবাদিকদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে যা ন্যায্য, সেটাই সরকার করবে।
আজ সোমবার (৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কারাগারে আটক সাংবাদিকরা অপরাধী- এই মর্মে বিগত সরকার তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। মূলত ফ্যাসিবাদ আমলে গণতান্ত্রিক সংগ্রামের ওপর যে অত্যাচার ও নির্যাতন হয়েছে, তাতে সহযোগিতার জন্য তাদের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আবার অনেকে স্বাধীনভাবে সাংবাদিকতা করার কারণেও কারাগারে ছিলেন। এসব বিষয়ে যেহেতু বর্তমান বিএনপি সরকার যুক্ত নয়, তাই তাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। এসময় বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানসহ আরও অনেকে।