প্রবাস মেলা ডেস্ক: এবার শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ দেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। জুলাই মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে প্রতিটি উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে এই কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে মাদ্রাসা ও অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও এই সুবিধা বিস্তৃত করা হবে।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, শিক্ষার্থীদের পরিবারের ওপর আর্থিক চাপ কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে প্রতি উপজেলায় দুটি করে স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ বিতরণ করা হবে।
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছে। এখন থেকে জামা-জুতা ও ব্যাগের চাহিদাও সরকার পূরণ করতে চায়। শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, প্রাথমিক বিদ্যালয় দিয়ে কার্যক্রমটি শুরু হলেও ধীরে ধীরে মাদ্রাসা ও অন্যান্য পর্যায়ে এটি বিস্তৃত করা হবে।
এই বিশাল কর্মযজ্ঞের আওতা আরও বাড়াতে সরকার দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সহায়তা কামনা করেছে। সংবাদিক সম্মেলনে জানানো হয়, বেসরকারি খাতের অংশগ্রহণ ও সহায়তা পেলে এই প্রকল্পের সুফল খুব দ্রুত সব শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।