প্রবাস মেলা ডেস্ক: কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান-এর হাতে প্রবাসীদের প্রতিনিধিত্বকারী পত্রিকা প্রবাস মেলা-র সৌজন্য কপি তুলে দেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে পত্রিকাটির উপদেষ্টা ও গীতিকার সৈয়দ জাফর সাদেক এ কপি প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক কুষ্টিয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং জোরদার করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের চলমান কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। একই সঙ্গে তিনি প্রবাসীদের ইতিবাচক কর্মকাণ্ড দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, তৌহিদ বিন-হাসান গত সোমবার (১৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার (১৫ মার্চ) তাঁকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে।
২৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তৌহিদ বিন-হাসান কর্মজীবনে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনসহ ঢাকা, মুন্সীগঞ্জ, গাজীপুর ও বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।