প্রবাস মেলা ডেস্ক: এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে গুজব হিসেবে আখ্যায়িত করেছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এটি ইতোমধ্যে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে শিক্ষামন্ত্রী এনসিপির ভূমিকার সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেওয়া এই তরুণদের দলের পক্ষ থেকে কোনো রকম ফ্যাক্টচেক বা সত্যতা যাচাই না করেই ভিত্তিহীন প্রোপাগান্ডার বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে।
ড. এহছানুল হক মিলন বলেন, এ ধরনের বিবৃতি প্রদান কেবল নিন্দনীয়ই নয় বরং নিদারুণ হতাশাজনক।
শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অপপ্রচার রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে।