মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: পবিত্র ইস্টার সানডে উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়া ব্যাপ্টিস্ট চার্চ ক্যাম্পাসে দরিদ্র ও বিধবা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন। দীর্ঘদিন ধরে সংগঠনটি মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশে-বিদেশে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় এবারের ইস্টার সানডে উপলক্ষে খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবার ও বিশেষ করে বহু বিধবা নারীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি পরিচালিত হয় কৃষ্ণ চরণ ত্রিপুরা, সদস্য সচিব, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার নেতৃত্বে। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক তাপস কুমার ত্রিপুরা, যুগ্ম আহ্বায়ক সুজন চাকমা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সমন্বয়ক কৃষ্ণ চরণ ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে উৎসবের আনন্দঘন সময়ে কেউ খাদ্য সংকটে না থাকে। তিনি আরও বলেন, সমাজের সবচেয়ে অবহেলিত ও কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবধর্ম। বিদেশে অবস্থান করেও দেশের মানুষের জন্য কাজ করা এক অনন্য ভালোবাসার বহিঃপ্রকাশ।
এ সময় তিনি মার্ক রায় (সাধারণ সম্পাদক) ও তাঁর সহধর্মিনী প্রণতি ক্রুশ, সভাপতি যোসেফ ডি’ কস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক রূপালী গমেজ, দপ্তর সম্পাদক টুটুল ভি. গমেজ, আইন বিষয়ক সম্পাদক সলিসিটর মুক্তি সরকার, প্রচার সম্পাদক পঙ্কজ গমেজ, নির্বাহী সদস্য সানি মল্লিক, মার্টিন তপন হালদার, প্লাবন জন ক্রুশ, ক্ষমা রায়, লিন্ডা গনসালভেজ, বিভাস বাড়ৈসহ সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাঁদের মঙ্গল কামনা করেন।
তিনি আরও উল্লেখ করেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ায়, তবে আমাদের চারপাশ আরও সুন্দর হয়ে উঠবে।