মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্বের মাস। এই মহিমান্বিত মাসকে কেন্দ্র করে ফ্রান্সের তুলুজ শহরে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ, ফ্রান্স-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলুজ শহরের মহামান্য মেয়র জন ল্যুক মুদাঁ। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র যিলালি লাইহানি, মারওয়া বুজাইদা সিলা, জন পল বুশ, সুসি সহ অন্যান্যরা।
পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তুলুজ শহরের বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আমিনুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রহমান। এরপর দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাকের চৌধুরী, সহ-সভাপতি যোসেফ কস্তা, ফেরদৌস আহমেদ খান, এহসান হোসেন টিটু, সাহিদ আহমেদসহ অন্যান্যরা।
বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবাসে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন কমিউনিটির মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতি তার বক্তব্যে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে একটি মুসলিম কালচারাল সেন্টার প্রতিষ্ঠার দাবি জানান। তিনি আশা প্রকাশ করেন, শহর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং ভবিষ্যতে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে।
ধর্মীয় আবহ, আন্তরিকতা, সম্প্রীতি এবং ইফতার গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন। প্রবাসের মাটিতে এমন উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশি কমিউনিটির বন্ধনকে আরও সুদৃঢ় করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।