রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস ও জর্ডান প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে চার দিনের সফরে জর্ডান পৌঁছেছেন জনপ্রিয় ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আল আজহারী। এটি তাঁর প্রথম জর্ডান সফর।
গতকাল সন্ধ্যায় তিনি জর্ডানের রানী আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ এবং ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলসের কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সফরকালে ড. মিজানুর রহমান আল আজহারী জর্ডানের বিভিন্ন পবিত্র স্থান জিয়ারত করবেন। পাশাপাশি জর্ডানের ইন্ডাস্ট্রি এলাকা ইরবিতের আল হাসান অঞ্চলে একটি তাফসীরুল কোরআন মাহফিলে বয়ান করার কথা রয়েছে।
প্রথমবারের মতো জনপ্রিয় এই ইসলামী স্কলারকে কাছে পেয়ে জর্ডান প্রবাসী বাংলাদেশিরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এই সফরের মাধ্যমে জর্ডান প্রবাসীরা সরাসরি তাঁর বয়ান ও ওয়াজ শোনার সুযোগ পাচ্ছেন, যা তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে।