প্রবাস মেলা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসে থাকা ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করে প্রবাসী ভোটাররা তাদের ব্যালট ফেরত পাঠানো শুরু করেছেন। তবে ঠিকানা অনুযায়ী ভোটারদের না পাওয়ায় ১১ হাজারের বেশি ব্যালট ভোট ছাড়াই দেশে ফেরত এসেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডির ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।
ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৭ হাজার ৯৪টি ব্যালট ভোটারের হাতে পৌঁছেছে। আর ভোটার কর্তৃক ৪ লাখ ৫৬ হাজার ২৪১টি ব্যালটে ভোটদান সম্পন্ন হয়েছে।
ব্যালট সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া তথ্যে আরও জানা যায়, ভোটদান সম্পন্ন হওয়ার পর ৪ লাখ ৮ হাজার ৬৮৪ জন ভোটার ডাকযোগে তাদের ব্যালট ফেরত পাঠিয়েছেন। এর মধ্যে আজ পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। তবে ভোটারদের কাছে সরবরাহ করতে না পারায় ১১ হাজার ২২৬টি ব্যালট ভোট ছাড়াই দেশে ফেরত এসেছে।
উল্লেখ্য, পোস্টাল ব্যালটে ভোট দিতে এবার ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।