প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহবান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। তবে এই দুই দেশের চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিরসনে রাশিয়া হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি। পাশাপাশি আসন্ন নির্বাচন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য উত্তেজনা পূর্ণ সম্পর্ক নিরসন করা দরকার বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত খোজিন।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ঢাকার রাশিয়ান দূতাবাসে এই আয়োজন রাষ্ট্রদূতের। দ্বিপাক্ষিক সম্পর্ক, শিক্ষা বাণিজ্য ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ সম্পর্কে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন আলেকজান্ডার খোজিন। উঠে আসে রোহিঙ্গা সমস্যার বিষয়টিও।
ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানপোড়ন চলছে। দুই দেশের জন্য এটি সুখকর নয় বলে মন্তব্য করেন আলেকজান্ডার খোজিন। তবে দেশটি মধ্যস্থতা করবে না বলেও ঘোষণা দেন তিনি।
ঘোষিত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন আশার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন রাশিয়ার পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ পায়নি।
অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আসন্ন নির্বাচন সহিংসতা মুক্ত হবে হলেই আশাবাদী তিনি।
খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়ার বিষয়েও তিনি সতর্ক করেন।
রোহিঙ্গা সমস্যা সমাধানে রাশিয়ার ভূমিকা কেমন হবে এই প্রশ্নের উত্তর ঠেলে দেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির কাছে। তিনি জানান, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে পরামর্শ কিংবা হস্তক্ষেপ করে না তার দেশ।