প্রবাস মেলা ডেস্ক: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বিশেষ আমন্ত্রণে দিল্লি সফরে যাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল। এ আমন্ত্রণ আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার প্রতি বাংলাদেশের অব্যাহত ভূমিকা এবং প্রতিশ্রুতির প্রতিফলন। আগামী ১৯-২০ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘কলম্বো নিরাপত্তা কনক্লেভ’ এর ৭ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ড. খলিল।
নয়াদিল্লিতে আসন্ন বৈঠকে সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির ওপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে। যেখানে দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করা এবং উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জগুলির বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়া উন্নত করার বিষয়ে আলোচনা হবে।
কলম্বো নিরাপত্তা কনক্লেভে ভারত মহাসাগর অঞ্চলের বেশ কয়েকটি দেশ অন্তর্ভুক্ত। এ সম্মেলন সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক অপরাধ ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় একটি প্ল্যাটফর্ম প্রদান করবে। উচ্চস্তরের এ সংলাপে ড. খলিলের অংশগ্রহণ আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা কূটনীতি এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে বাংলাদেশের কৌশলগত ভূমিকা গুরুত্ব পাবে বলে জানা যায়।
এই সম্মেলনে দক্ষিণ এশীয় ও ভারত মহাসাগরীয় নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ফোরামকে আরও সক্রিয়ভাবে কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করবে বলে জানিয়েছে একটি সূত্র।
প্রসঙ্গত, এই বছরের শুরুতে, ড. খলিলুর রহমান কুনমিংয়ে চীন-ভারত মহাসাগর অঞ্চল ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা সংক্রান্ত বহুপাক্ষিক সংলাপে দেশের ক্রমবর্ধমান অংশগ্রহণকে প্রতিফলিত করে।