প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত নোয়াখালী জেলার কবিরহাট উপজেলাবাসীদের উদ্যোগে ৫ অক্টোবর (রবিবার) সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ব্রুকলিনে রাধুনী রেস্টুরেন্ট (রজনীগন্ধা পার্টি হল)-এ সাহাবুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় কবিরহাট উপজেলা এসোসিয়েশন অব ইউএসএ-এর গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ সাদী রহমান। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন মির্জা মোঃ ইসকান্দার হোসেন, আবু নাছের চৌধুরী, মেহেদী হাসান, মোতাহার হোসেন টিপু, আনোয়ার শাহাদাত, জিয়াউল হক এবং নিউজার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ওয়াশিংটন ও পেনসিলভেনিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আগত অতিথিবৃন্দ। এছাড়া হাডসন থেকে টেলিফোনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরশাহ মিজান।
মির্জা মোঃ ইসকান্দার হোসেন তার বক্তব্যের শুরুতে সংগঠনের উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে আলোকপাত করেন। উপস্থিত অতিথিরা বলেন, এই সংগঠন যুক্তরাষ্ট্রে বসবাসরত কবিরহাটবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করবে এবং তাদের সুযোগ-সুবিধা বাস্তবায়ন ও সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, “কবিরহাট উপজেলাবাসীদের এই সংগঠন হবে সম্পূর্ণ অরাজনৈতিক, নির্দলীয় ও নিরপেক্ষ। যুক্তরাষ্ট্রে বসবাসরত জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কবিরহাট উপজেলাবাসী যেকোনো ব্যক্তি এ সংগঠনের সদস্য হতে পারবে।”
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির মিয়া, আব্দুর রাজ্জাক, মোঃ ইলিয়াস বাটু, আব্দুল মতিন পারভেজ, ইমাম চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, মোঃ ইব্রাহীম খলিল, খুরশিদ আহমেদ চৌধুরী ও নাছির উদ্দিন।