হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের যুক্তরাষ্ট্র সফর এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট ২০২৫) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কনস্যুলেটের কার্যালয়ে এ আয়োজন হয়।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের হেড অব চ্যান্সারি ও কাউন্সিলর ইশরাত জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। স্বাগত বক্তব্য দেন কনসাল জেনারেল মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মুর্তজা।
অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, কবি, সাংবাদিক, সাহিত্যিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নৈশভোজে আপ্যায়ন করা হয় অতিথিদের। বৈচিত্র্যময় ও সুস্বাদু খাবারের আয়োজন উপস্থিতদের বিশেষভাবে মুগ্ধ করে।