ডেস্ক রিপোর্ট: ব্রিটেনের পূর্ব লন্ডনে ইলেভেন স্টার বেথনাল গ্রিন ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ আগস্ট, সোমবার, পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্ক ক্রিকেট মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথপুর সিসি এবং রানারআপ হয়েছে ডকল্যান্ড সিসি।
ব্যক্তিগত পারফরম্যান্সে সেরা ব্যাটসম্যান হয়েছেন তানভীর, সেরা বোলার রবিউল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন তানভীর।
সকাল ১০টায় শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশের সিলেটসহ বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল। পঞ্চমবারের মতো আয়োজিত ৫০ বলের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো: জগন্নাথপুর সিসি, এবিএম মৌলভীবাজার, ডেরাই সিসি, ডকল্যান্ড সিসি, জালালপুর স্পোর্টিং ক্লাব, কাউন্টি ক্রিকেট ক্লাব, গোয়াইনঘাট ক্রিকেট ক্লাব, ব্রিকলেন টাইগারস, আনবিটেন ডেস্ট্রয়ারস সিসি, বেথনাল গ্রিন (সবুজ দল), বেথনাল গ্রিন (লাল দল), লন্ডন ফ্রেন্ডস ক্লাব, ভাই ব্রাদার্স ইলেভেন এবং গোবিন্দগঞ্জ সিসি।
প্রবাসী বাংলাদেশি জনপ্রিয় টেপ টেনিস ক্রিকেটারদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে। খেলোয়াড়দের সঙ্গে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শিশুদেরকেও মাঠে খেলা উপভোগ করতে দেখা যায়।
খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী দলের হাতে ৭০০ ব্রিটিশ পাউন্ডের চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। রানারআপ দল পায় ক্রেস্টসহ ৪০০ পাউন্ডের চেক।
মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন ক্লাব সভাপতি রায়হান মিয়া, সহ-সভাপতি জাহান, সাধারণ সম্পাদক এনামুল হক, পরিচালক কামরুল হোসাইন, ক্লাব ম্যানেজার আনসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব এবং সিনিয়র সদস্য গোলজার, ফুয়াদ, ফয়েজ, মালিক, আলমগীর, মুন্না, সুমন ও এমদাদ প্রমুখ।
লন্ডনে বসবাসরত প্রবাসী ক্রিকেটপ্রেমীরা এই টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেছেন। আয়োজকরা আশাবাদী, আগামী দিনে এই টুর্নামেন্ট আরও বড় পরিসরে আয়োজন করা হবে এবং এটি ব্রিটেনে প্রবাসীদের অন্যতম প্রধান ক্রীড়া আয়োজনে পরিণত হবে।