মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ৫ আগস্ট, সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন। তিনি তার বক্তব্যের শুরুতে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রদূত বলেন, “আমাদের সামনে একটি ন্যায়, সাম্যভিত্তিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিতভাবে, যার যার অবস্থান থেকে, প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং সবাইকে বৈধ পথে আরও বেশি রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব মঞ্জুর ই মাওলা ও মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রেস সচিব আসাদুজ্জামান।
আলোচনা সভা শেষে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে রিয়াদে বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশি শিক্ষার্থী এবং কমিউনিটি সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তব্য রাখেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির তাজুল ইসলাম গাজী, মোঃ বেলায়েত হোসেন এবং মামুনুর রশিদ চৌধুরী। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।