প্রবাস মেলা ডেস্ক: পরিবেশ সুরক্ষার বিষয়টি স্পষ্ট করতে হবে রাজনৈতিক দলগুলোকে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২৬ জুলাই) পরিবেশ অধিদপ্তরে “রোড টু গ্রীন মেনিফেস্টু টক” অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশকে আর সেকেন্ডারি ইস্যু হিসাবে দেখার সুযোগ নেই। রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে। এটি এখন জনস্বার্থ ও রাষ্ট্রীয় অধিকারে রূপ নিয়েছে। রাজনৈতিক দলগুলোকে তাদের পরিবেশ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারে জনগণের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা একটি সরকারের চালিকা শক্তি। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের কৃষি ও খাদ্য উৎপাদন হুমকির মুখে। কিভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে টেকসই কৃষি করা যায় নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দিবে বিএনপি। ক্ষমতায় দখলদারদের বিরুদ্ধে আরও কঠোর হবে তার দল।
বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘তরুণের শক্তিই পারে জলবায়ু ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে। এরইমধ্যে তার দল ইশতেহার নিয়ে কাজ শুরু করেছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশের বিষয়টি তারা তাদের ইশতেহারে কতটা গুরুত্ব সহকারে বিবেচনায় রাখবে। তবে তরুণরা যদি নিজেদের অভ্যাস না বদলায়, দায়িত্বশীল না হয় তাহলে বাজেট কিংবা ইশতেহারে যতই গুরুত্ব দেয়া হোক জলবায়ু পরিবর্তন বা পরিবেশ দূষণ কোনটাই রোধ করা যাবে না।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের খাদ্য চাহিদা নিশ্চিত করতে হলে নির্বাচনী ইশতেহারে কৃষিখাতের আধুনিক যন্ত্রপাতির দিকে নজর দিতে হবে। তবে, নির্বাচনী সরকার ছাড়া কোন কিছুই সম্ভব না। ভূমি দখলদার কিংবা পরিবেশ ধ্বংসকারীদের মননোয়ন না দেয়ার সঙ্গে এক মত প্রকাশ করেন তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ২০১৮ সালের নির্বাচনে তার দল জলবায়ু ও পরিবেশ বিপর্যয়কে গুরুত্ব দিয়েছিলো। আগামী ইশতেহারেও পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তার উপর জোড় দিতে চায় তার দল। তবে কোন দখলদাররা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য নির্বাচনী ইশতেহার স্পষ্ট বক্তব্য রাখা দরকার বলে মনে করেন তিনি।
একই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদি দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশসহ বিভিন্ন রাজৈনতিক দলের নেতারা অংশ নেন।