মোস্তফা ইমরান রাজু, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। ‘বিডি এক্সপ্যাট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ শীর্ষক এই প্রতিযোগিতায় মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের ১২টি প্রবাসী দল অংশ নেবে।
শুক্রবার (২৫ জুলাই) কুয়ালালামপুরের ইয়াহালা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস-এর সভাপতি মো. সাইফউদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টকে উৎসাহব্যঞ্জক করে তুলতে বিশেষ আকর্ষণ হিসেবে পুরো আয়োজনজুড়ে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক।
প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যে বিস্তৃত পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকদের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামিম আহসান।
এছাড়া টুর্নামেন্টটি আন্তর্জাতিক মানে রূপ দিতে মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে আয়োজকরা। এমসিএ-র পরামর্শে কুয়ালালামপুর ও এর আশপাশের আন্তর্জাতিক মানের তিনটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আইসিসির নিয়ম মেনে মালয়েশিয়ার অভিজ্ঞ আম্পায়াররা ম্যাচ পরিচালনা করবেন। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের ১৫ আগস্টের মধ্যে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে থাকবে ট্রফি এবং নগদ ৩,৫০০ রিঙ্গিত (প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা)। রানার-আপ দলের জন্য নির্ধারিত হয়েছে ২,০০০ রিঙ্গিত (প্রায় ৭০ হাজার টাকা)। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় এবং পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
দর্শকদের মাঠে এসে বিনামূল্যে খেলা উপভোগের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যারা মাঠে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও থাকবে বলে জানান আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস-এর সহ-সভাপতি মো. রাফিজ রহমান রাসেল, সহ-সভাপতি আব্দুল মোবিন ভূঁইয়া, সহ-সভাপতি সোহাগ আহমেদ, সাধারণ সম্পাদক আলী আজগর মিলন, টুর্নামেন্ট পরিচালক মো. হাফিজুর রহমান, প্রযুক্তি পরিচালক জুবায়ের রহমান, ম্যাচ–ফিক্সচার–আম্পায়ার ও স্কোরার কমিটির আহ্বায়ক শাহাজাহান আলম, পরিচালক রায়হান, লজিস্টিক পরিচালক মো. ইকবাল হোসেন, লজিস্টিক ম্যানেজার মো. রফিক এবং মিডিয়া ও জনসংযোগ পরিচালক বাপ্পী কুমার দাসসহ বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা।
আয়োজকেরা জানান, এই টুর্নামেন্ট ঘিরে মালয়েশিয়াস্থ প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা কামনা করেন বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস-এর পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।