মনিরুজ্জামান মনির, মালে, মালদ্বীপ প্রতিনিধি: ঢাকায় বিমান বাহিনীর মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বুধবার (২৩ জুলাই ২০২৫) হাইকমিশন প্রাঙ্গণে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন প্রবাসী বাংলাদেশি ওমর ফারুক। এতে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ, হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশি নাগরিকরা।
দোয়া মাহফিলে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাইকমিশন প্রাঙ্গণে একটি শোক বই খোলা হয়েছে, যাতে প্রবাসীরা স্বাক্ষর করে শোক প্রকাশ করতে পারেন।
উল্লেখ্য, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ।