হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ ২৪ জুন, মঙ্গলবার। এরই মধ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। গত ১৪ জুন (শুক্রবার) থেকে শুরু হওয়া এই আগাম ভোট চলবে আগামী ২২ জুন পর্যন্ত।
নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতেই আগাম ভোটে ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনের অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী, আগাম ভোটের দ্বিতীয় দিন রোববার শেষে মোট ৬৬,৩৬১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এবারের নির্বাচনে র্যাঙ্কড চয়েস ভোটিং পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ফলে ভোটাররা সর্বোচ্চ পাঁচজন প্রার্থীকে পছন্দক্রমে ভোট দিতে পারবেন। এই পদ্ধতির কারণে চূড়ান্ত ফলাফল প্রকাশে সময় বেশি লাগতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ১ জুলাইয়ের আগে চূড়ান্ত ফলাফল প্রকাশের সম্ভাবনা কম।
নিউইয়র্ক সিটির পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর, যেখানে মেয়র পদের জন্য মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
বর্তমান ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামস নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় তাঁর নাম ব্যালটে থাকছে না। এদিকে, রিপাবলিকান পার্টির একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কনজারভেটিভ অধিকারকর্মী কার্টিস স্লিওয়া।
অন্যদিকে, নিউইয়র্ক টাইমস এর সম্পাদকীয় বোর্ড এবারের মেয়র নির্বাচন ঘিরে শুরুতে কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত জানালেও ১৬ জুন হঠাৎ এক ঘোষণায় তাঁরা জোহরান মামদানিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে, যা নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।