রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রাণকেন্দ্র রিপাবলিক চত্বরে অনুষ্ঠিত হলো সলিডারিটি আজি ফ্রান্স (SAF) আয়োজিত ৬ষ্ঠ ‘ঈদ বাজার ২০২৫’। ১ জুন শনিবার আয়োজিত এই বাণিজ্য মেলাটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিসহ নানা দেশের মানুষের মিলনমেলায়।
এ বছর মেলায় অংশ নেয় ৬৫টিরও বেশি স্টল, যেখানে বাংলাদেশি, পাকিস্তানি, মরক্কান ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পণ্য ও খাদ্যদ্রব্যের পসরা সাজানো ছিল। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে তুলে ধরার প্রয়াস ছিল চোখে পড়ার মতো।
মেলার উদ্বোধন করেন সাফ প্রেসিডেন্ট নয়ন এন.কে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাসি এমপি Aurelien Taché এবং প্যারিস-১৮ এর কাউন্সিলর Anzoumane Sissoko। এ ছাড়া মেলায় অংশ নেন বহু সাংবাদিক, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও স্থানীয় নাগরিকরা।
সকাল ১০টা থেকে শুরু হওয়া মেলায় আগত দর্শনার্থীদের পদচারণায় মুহূর্তেই জমজমাট হয়ে ওঠে রিপাবলিক চত্বর। বর্ণিল পরিবেশ, নানা রকম স্টল ও বিনোদনের নানা উপকরণ মেলাটিকে পরিণত করে এক উৎসবমুখর পরিবেশে।
মেলায় বড়দের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা ও নানা ধরনের খেলা। শিশুদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সারাদিনব্যাপী প্রাণবন্ত অংশগ্রহণ মেলাটিকে যেন ঈদের আগমুহূর্তের এক আবেগঘন আবহ তৈরি করে দেয়।
দর্শনার্থীদের অভিমতেও ধরা পড়ে মেলার আবেদন। প্রথমবারের মতো অংশ নেওয়া সেলিম ভূঁইয়া জানান, “ফ্রান্সে দীর্ঘ আট বছর ধরে প্রবাস জীবন কাটালেও এই মেলায় অংশ নিয়ে এক অনন্য অনুভূতি পেয়েছি। এত বাঙালিকে একত্রে দেখে মনে হলো যেন দেশে ফিরে এসেছি।”
আয়মা নূর নামের এক শিক্ষার্থী বলেন, “পড়াশোনা আর চাকরির ব্যস্ততায় একটু নিঃশ্বাস নেওয়ার সময়ও পাওয়া যায় না। আজকের মেলায় এসে মনে হচ্ছে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি।”
মেলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বিদেশিদের কাছে আমাদের দেশীয় সংস্কৃতি, পোশাক ও খাবারের পরিচয় তুলে ধরা। অনেকেই দেশীয় পোশাকের বৈচিত্র্য ও হাতে তৈরি খাবারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।
স্টলগুলোতে ছিল রঙিন শাড়ি, সালোয়ার-কামিজ, ঐতিহ্যবাহী পিঠা, ভর্তা, আচারসহ নানা স্বাদের ঘরোয়া খাবার। আয়োজকেরা জানান, প্রতিবারের তুলনায় এবার মেলায় নতুনত্ব ও বৈচিত্র্য আনতে তারা সচেষ্ট ছিলেন এবং দর্শনার্থীদের সাড়া প্রমাণ করে তাদের সেই প্রচেষ্টা সফল।
সন্ধ্যা ৮টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় ‘ঈদ বাজার ২০২৫’-এর কার্যক্রম।