জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বাংলাদেশ হাইকমিশনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্যে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীরা। পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় মঙ্গলবার (২০ মে) বিকেলে এ মতবিনিময় সভার আয়োজন করে ‘বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শাকির হোসেন এবং সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক তৌহিদুল করিম মুজাহিদ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) মোখলেসুর রহমান চৌধুরী।
প্রেস মিনিস্টার আকবর হোসেন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন। তিনি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হাইকমিশনের কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় তিনি বিগত সরকারের সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সামনের পথচলায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারি—এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘হাইকমিশন সম্পর্কিত যেকোনো তথ্য বা সহায়তা প্রয়োজন হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সবসময় গণমাধ্যমকর্মীদের জন্য উন্মুক্ত।’
অনুষ্ঠানে প্রেস মিনিস্টার আকবর হোসেনকে ক্রেস্ট তুলে দেন মোখলেসুর রহমান চৌধুরী। এছাড়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্য সচিব জুনায়েত রিয়াজ, কামরুল আই রাসেল, জাহাঙ্গীর হোসেন, মীরা বড়ুয়া, ইয়াসমিন জাহানারা, মাহবুবা জেবিন, মাহবুব তোহা, আহমেদ সাদিক, সোহাগ আহমেদ, শাহেদ শফিক, আব্দুল মুমিন, আব্দুল কাদির জিলানী, জান্নাত চৌধুরীসহ আরও অনেকে।
ডিনারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।