প্রবাস মেলা ডেস্ক: মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এমজেএফবি)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১ মে ২০২৫, বুধবার, ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো “মিজাফ শিল্প, কৃষি ও নান্দনিকতা পুরস্কার ২০২৪–২৫”। বর্ণাঢ্য এই আয়োজনে দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার এবং বিশেষ অতিথি ছিলেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি সাঈদ মাহমুদ।
আজীবন সম্মাননায় ভূষিত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী জুয়েল আইচ। তাঁকে এ সম্মাননার মাধ্যমে তাঁর দীর্ঘ কর্মজীবনের অসামান্য অবদান ও জাদুশিল্পে দেশীয় গৌরব তুলে ধরার জন্য শ্রদ্ধা জানানো হয়।
এ ছাড়া পুরস্কারে ভূষিত অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন—অভিনেত্রী দিলারা জামান, কবি রেজাউদ্দিন স্টালিন, অভিনেতা ও প্রযোজক ডি এ তায়েব, গীতিকবি শহীদুল্লাহ ফরাজি, জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, গীতিকার মিল্টন খন্দকার, অভিনেত্রী মুক্তি ও শারমিন শিলা, কৌতুক অভিনেতা কাজল এবং কণ্ঠশিল্পী সাব্বির ও শাহনাজ বেলি।
অনুষ্ঠানটি পরিণত হয় সৃজনশীলতা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধের এক অনন্য নিদর্শনে। দৃষ্টিনন্দন ক্রেস্ট, উত্তরীয়, ফুলেল শুভেচ্ছা, নির্বাচিত বই, ইলেকট্রনিক উপহারসামগ্রীসহ উপহার সামগ্রীর মধ্য দিয়ে সম্মানিতদের প্রতি প্রকাশ পায় ভালোবাসা ও আন্তরিকতার ছাপ।
সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে সহায়তা করেছে পারফেক্ট ইলেকট্রনিকস, মমতাজ হারবাল প্রোডাক্টস এবং লতিফশাহ মেমোরিয়াল একাডেমি।
মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ জানিয়েছে, দেশের কৃষি, শিল্প ও সংস্কৃতি অঙ্গনে যাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই সম্মাননা অনুষ্ঠান প্রতিবছরই নিয়মিতভাবে আয়োজন করা হবে।