আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: ক্যান্সার একটি প্রধান বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য সিডনিতে ‘গুড মর্নিং বাংলাদেশ ল্যাকেম্বা’ প্রতি বছর ‘বিগেস্ট মর্নিং টি’ কর্মসূচি আয়োজন করে। আগামী ১৮ মে সিডনির ওয়ালীপার্কে অস্ট্রেলিয়ান ন্যাশনাল পোর্টস ক্লাবে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে।
সিডনিতে ক্যান্সার রিসার্চ ও ডেভেলপমেন্টে আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে মরহুম ড. আব্দুল হক এই মহান উদ্যোগটি ২৪ বছর আগে ব্ল্যাকটাউনে নিয়েছিলেন। তাঁর উৎসাহ-উদ্দীপনায় পরবর্তীতে ল্যাকেম্বা, মেসকট ও মিন্টু শহরে তাঁর শাখাগুলো উন্নীত হয়েছে। উক্ত অনুষ্ঠান সকাল ৯:৩০ মিনিট থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত চলবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে। ল্যাকেম্বার এই ইভেন্ট এবার ১৭ বছর পূর্তি করলো। সিডনির ৪টি শাখায় প্রতি বছর এই কার্যক্রম চলে।
‘গুড মর্নিং বাংলাদেশ ল্যাকেম্বা’ ইভেন্টের প্রধান আয়োজক ইঞ্জিনিয়ার আব্দুল ফারুক হান্নান। সকালের নাস্তা ও নগদ অর্থ সংগ্রহ করে আয়োজকরা ক্যান্সার কাউন্সিল অফ নিউ সাউথ ওয়েলসকে প্রদান করেন। সংগঠনের নারীরা সকালের নাস্তায় পুড়ি, সিঙারা, চমচা, গরম পরাঠা ভাজি, ডিম গোশত, জিলাপি, চানাবুটি, চটপটি ও চা ইত্যাদি বিক্রি করে এই তহবিল গঠন কার্যক্রমে অংশ নেন।
আয়োজক ফারুক হান্নান বলেন, ‘কমিউনিটিতে কেউ ক্যান্সারে আক্রান্ত হলে সিডনির মহিলারা সর্বপ্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই প্রোগ্রামে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি।’ এ পর্যন্ত সংগঠকদের সংগ্রহের পরিমাণ মোট ৪,৩২,০০০ ডলার এবং শুধু ল্যাকেম্বার সংগ্রহের পরিমাণ ১,৯০,০০০ ডলার।