প্রবাস মেলা ডেস্ক: রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে নিজেদের মেরুদণ্ড শক্ত করতে হবে বলে মন্তব্যে করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২ মে) সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চলমান উন্নয়ন প্রকল্প সমূহের উন্নয়ন অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা সভায় এই কথা বলেন তিনি।
জমির টপ সয়েল রক্ষায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ফসলি জমির টপ সয়েল কাটা ও বিক্রি এবং ভূমিদস্যুদের কঠোরহস্তে দমন করতে হবে। কাজ করতে গিয়ে কোনো রাজনৈতিক চাপ আসলে সেটি মোকাবিলা করতে হবে, তোষামোদি করা যাবে না। শক্ত ও কঠিন পদক্ষেপের বিষয়ে সরকার সহযোগীতা করবেন। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাজার অব্যবস্থাপনার কারণে সৃষ্ট যানজট নিরসনেরও নির্দেশনা দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার। পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে পুরোনো কাঠামো পরিবর্তন করা না গেলে আবারও স্বৈরাচার ফিরবে। চেষ্টা চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে মতপার্থক্য দূর করে একটা জাতীয় সনদ প্রণয়নের। যার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্ব পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভুঁইয়া, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান, কুমিল্লার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।