রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস, আম্মান-এর উদ্যোগে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রদূত নূর-ই হেলাল সাইফুর রহমান অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি শেখ ড. আয়মান ওদেহ আল বাদওয়া, জর্ডানের সংসদ সদস্য এবং অন্যান্য বিশিষ্ট সদস্যদের আন্তরিক স্বাগত জানান।
উল্লেখ্য, অ্যাসোসিয়েশনটিতে জর্ডানের অভিজাত সমাজের প্রতিনিধিত্বকারী রাজনীতিবিদ, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী, কবি ও সাংবাদিকরা যুক্ত রয়েছেন।
আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের সদস্যরা জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ এবং পর্যটন খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, তারা বাংলাদেশ সফরেরও ইচ্ছা প্রকাশ করেন। সদস্যরা রাষ্ট্রদূতকে অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন এবং উপযুক্ত সময়ে সরকারি পর্যায়ে দ্বিপাক্ষিক সফরের গুরুত্বের ওপর জোর দেন।
রাষ্ট্রদূত নূর-ই হেলাল সাইফুর রহমান দুই দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন। তিনি শ্রম বাজার সম্প্রসারণ, প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি এবং সবুজ কৃষিখাতসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন।