মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: ধর্ম যার যার – উৎসব সবার, এই মন্ত্রে যীশুর পুনরুত্থানকে কেন্দ্র করে ফ্রান্সের তুলুজ শহরের খ্রিস্টবিশ্বাসীরা মেতে উঠেছিলেন বিজয়ের উৎসবে।
বিশ্বের খ্রিস্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, তাদের প্রধান ধর্মীয় নেতা যীশু খ্রীষ্ট মৃত্যুকে জয় করে এই দিনে পুনরুত্থিত হয়েছিলেন। প্রবাসে এই মহতী উৎসবে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি যেন মনে করিয়ে দেয়, এটি একটি ছোট্ট বাংলাদেশ।
সকালের শুরুতেই স্থানীয় একটি গির্জায় বাংলা খ্রিস্টযাগ (উপাসনা) উৎসর্গ করেন ইতালি থেকে আগত ফাদার এম. মার্টিন মুরং।
বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশন, তুলুজ-ফ্রান্স কর্তৃক আয়োজিত বিজয়ের এ দিনের অনুষ্ঠানসূচিতে আরও ছিল ইস্টার সানডের বিশেষ খাবার—দই, চিড়া, মুড়ি পরিবেশন; কীর্তন পরিবেশন; বাচ্চাদের উপহার প্রদান; ফ্রান্সে নতুন যারা বসবাসের অনুমতি পেয়েছেন, তাদের শুভেচ্ছা জানানো; এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপুরের আহার শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মার্ক রায়ের মনমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের পরিবেশিত নৃত্যগুলো ছিল সত্যিই প্রশংসার যোগ্য।
সংগঠনের সভাপতি যোসেফ ডি’কস্তার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম। বিশেষ অতিথি সম্মানিত ফাদারের প্রার্থনার পর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মার্ক রায়, প্রচার সম্পাদক পংকজ গমেজ, সংগঠনের বয়োজ্যেষ্ঠ সদস্য ক্যান্টন কস্তা, জেরম বুলবুল গমেজ, ভিক্টর শেখর রোজারিও, মিসেস প্রণতি ক্রুশ, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তমিজ উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক শাকের চৌধুরীসহ অন্যান্যরা।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, দূর প্রবাসে প্রচণ্ড কর্মব্যস্ততার মাঝে এই মিলনমেলা যেন এক চিলতে আনন্দের খোরাক এবং নতুন প্রজন্মের জন্য অনন্য উদ্যোগ।
এই সব অনুষ্ঠানের মাধ্যমেই তারা বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হয় এবং নিজেদের মাঝে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।
সভাপতি যোসেফ ডি’কস্তা তার বক্তব্যে উল্লেখ করেন, তুলুজ শহরে ২৫ বছর আগে যে ধর্মীয় সম্প্রীতির সমাজ গড়ে উঠেছিল তা এখনো চলমান। তিনি আহ্বান জানান, যেন এমনি ভাবেই আমরা নিজ নিজ ধর্মবিশ্বাসকে বুকে ধারণ করে অন্য ধর্মবিশ্বাসীদের ধর্মীয় অনুষ্ঠানকে স্বাগত জানাতে পারি।
এটাই প্রকৃত মানবধর্ম। প্রবাসে এ ধরনের সার্বজনীন অনুষ্ঠান সফল করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।