জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কনিষ্ঠ সন্তান, কুইন মেরি বিশ্ববিদ্যালয় (লন্ডন) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শরিফুল ইসলাম স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে।
শনিবার সন্ধ্যায় ৩রা নভেম্বর ফাউন্ডেশন যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ড. সৈয়দ শরিফুল ইসলামের ছোট ভাই ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব্যারিস্টার রেজাউদ্দৌলা সুহান।
সভায় বক্তারা বলেন, অধ্যাপক ড. সৈয়দ শরিফুল ইসলাম ছিলেন একজন নিরহংকার, নির্লোভ ও প্রচারবিমুখ ব্যক্তিত্ব। পেশাগত জীবনে তিনি ছিলেন একনিষ্ঠ গবেষক ও শিক্ষাবিদ। যেমন ছিলেন মেধাবী, তেমনি ছিলেন নীতিনিষ্ঠ। তাঁর জীবনাদর্শ ও কর্মবোধ আগামী প্রজন্মের জন্য এক অনুকরণীয় উদাহরণ।
সভায় বক্তব্য রাখেন ড. রিয়াজ হাসান ফারুক, নাজিম চৌধুরী, সাংবাদিক আবু মুসা হাসান, ড. আনিছুর রহমান আনিছ, সাবেক মেয়র সেলিম উল্লাহ, মনিরুজ্জামান, সাবেক ডেপুটি মেয়র শহিদ আলী, নাট্যকর্মী স্বাধীন খসরু, স্মৃতি আজাদ, শাহাব উদ্দিন চঞ্চল, সৈয়দ আহমেদ সাদ, কামালি দিলি, আব্দুল মালিক খোকন, রবিন হায়দার খান, জলিল চৌধুরীসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা শেষে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা জিলু খান।