হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘বাংলাদেশ ডে প্যারেড’ ১৩ এপ্রিল, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস উদযাপন উপলক্ষে আয়োজিত এই প্যারেড ঘিরে প্রস্তুতি চলছে শেষ পর্যায়ে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুইন্সের জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউ (৬৯ স্ট্রিট থেকে ৮৬ স্ট্রিট পর্যন্ত) সড়কে অনুষ্ঠিত হবে এই বর্ণিল আয়োজন। প্যারেডটির আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সোসাইটি এবং এতে সহযোগিতা করছে হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস।
প্যারেডের অন্যতম আয়োজক ফাহাদ সোলায়মান জানান, বাংলাদেশ ডে প্যারেডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধি ও নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় তারকারাও থাকবেন প্যারেডের সম্মুখ সারিতে। এতে করে এই আয়োজন পাবে এক নতুন মাত্রা। অংশগ্রহণকারী তারকাদের মধ্যে রয়েছেন—অপূর্ব, নওশীন মৌ, দেবাশীষ বিশ্বাস, রিচি সোলায়মান, প্রতীক হাসান, আনিসুর রহমান মিলন, জায়েদ খান, নোভা ফিরোজ, কাজী মারুফ, নাদিয়া আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, এ পর্যন্ত প্রায় ২৫টি সংগঠন প্যারেডে অংশ নিতে নিবন্ধন সম্পন্ন করেছে। আরও অনেক সংগঠন এতে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিটি সংগঠনের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ ডলার। প্যারেড সফল করতে আয়োজকরা সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।