প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে নামছে। সোলার পাওয়ার বা সৌরশক্তির মাধ্যমে উৎপাদিত এই বিদ্যুৎ ব্যবহার করবে বাংলাদেশে কার্যরত সুইডিশ পোশাক ব্র্যান্ড হেনেস অ্যান্ড মরিটজ এবি (এইচঅ্যান্ডএম)-এর সঙ্গে যুক্ত গার্মেন্টস সরবরাহকারীরা।
এ লক্ষ্যে ঢাকায় চলমান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর তৃতীয় দিনে একটি সমঝোতা স্মারক সই হয়। এই উদ্যোগের মাধ্যমে দেশের পোশাক খাতে টেকসই জ্বালানি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রান্ত হলো।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, এইচঅ্যান্ডএম-এর প্রোডাকশন সাস্টেইনেবিলিটি বিভাগের প্রধান ইউসেফ এল নাটুর এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থা (আইএফসি)-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ খাতের পরিচালক বিক্রম কুমার।
চুক্তির আওতায় প্রথমবারের মতো বাংলাদেশে কর্পোরেট পাওয়ার পারচেইজ অ্যাগ্রিমেন্ট (CPPA) চালু হতে যাচ্ছে। আইএফসি’র আর্থিক সহায়তা এবং প্রাণ-আরএফএল-এর নেতৃত্বে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পের মাধ্যমে একটি নতুন সোলার পার্ক স্থাপন করা হবে, যা থেকে নির্বাচিত গার্মেন্টস সরবরাহকারীরা বিদ্যুৎ পাবে।
এই উদ্যোগ দেশের রপ্তানিনির্ভর গার্মেন্টস খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।