মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ২৪ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দূতাবাসের অডিটোরিয়ামে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নিয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দিলওয়ার হোসেন। এতে বিশেষ অতিথি শ্রীলংকার রাষ্ট্রদূত ওমর লিব্বি আমের আজওয়াদ ও কূটনৈতিক কোরের ডীন জিবুতির রাষ্ট্রদূত দায়া আদদীন সাঈদ বামাখারামা বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রিন্স সুলতান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নুরুন্নবী বক্তব্য প্রদান করেন।
রাষ্ট্রদূত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে মাতৃভাষা বাংলা রক্ষা করার বিষয়ে বাঙালি জাতির অবদানের কথা বিদেশীদের কাছে তুলে ধরেন। তিনি বলেন,দিবসটি পৃথিবীর ইতিহাসে মাতৃভাষা রক্ষার দাবীতে সংগ্রাম ও ভাষার অধিকার আদায়ের এক উজ্জলতম দৃষ্টান্ত। এসময় রাষ্ট্রদূত বলেন, এই বিশেষ দিনে ভাষার বৈচিত্র্য, শান্তি এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর বার্তা ছড়িয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা প্রথমে ইউনেস্কো এবং পরে জাতিসংঘ দ্বারা ঘোষিত হয়েছিল সারা বিশ্বের মানুষের জন্য, বিশেষ করে বাংলাদেশি সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণের দিন, যারা তাদের মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকারের জন্য জীবন উৎসর্গ করেছিলেন।তিনি বলেন,দ্রুতই পৃথিবী থেকে বিভিন্ন ভাষা হারিয়ে যাচ্ছে, সাথে সাথে হারিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য।
অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশন করে। এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একটি তথ্যচিত্র ও বিভিন্ন ভাষায় একুশে ফেব্রুয়ারির গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ১০ জন রাষ্ট্রদূতসহ ৪০ জন কূটনীতিক যোগদান করেন।